হোসেনপুরে মোরগ মহল জামে মসজিদের গ্রিল কেটে সিন্দুক ভেঙে লক্ষাধিক টাকা ও এমপ্লিফায়ার চুরি
- আপডেট সময় : ১১:৫০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার মোরগ মহল জামে মসজিদের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুটি সিন্দুক ভেঙে নগদ টাকা ও এমপ্লিফায়ার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সঙ্গবদ্ধ চোরের একটি দল মসজিদের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা মসজিদের দুটি দানবাক্স (সিন্দুক) ভেঙে তাতে থাকা লক্ষাধিক টাকার বেশি নগদ অর্থ ও একটি এমপ্লিফায়ার নিয়ে যায়। বুধবার সকালে ফজরের নামাজে আগত মুসল্লিরা দেখতে পান জানালার গ্রিল কাটা এবং সিন্দুক ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি স্থানীয় প্রশাসন ও থানায় জানান। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মসজিদটি পরিদর্শনে যান উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
পরিদর্শনকালে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন,
ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের প্রতীক। এমন ঘটনার সঙ্গে জড়িত কেউই আইনের চোখ ফাঁকি দিতে পারবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরচক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষায় নজরদারি আরও জোরদার করা হবে।
ওসি মারুফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হোসেনপুর থানার দুপুরে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ০৮)। নগদ টাকা ও মালামাল উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
























